বার্তা সংস্থা আবনা : মার্কিন জাতীয় ঋণ কমাতে ব্যর্থ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার জাতীয় ঋণ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬ ট্রিলিয়িনে। এ ঘটনা তার বিরোধী শিবির রিপাবলিকান দলের জন্য ব্যাপক সমালোচনার সুযোগ এনে দিয়েছে। আর এ হিসাব প্রকাশ হয়েছে ওবামার ডেমোক্র্যাট দলের ন্যাশনাল কনভেনশনের আগ মুহূর্তে।
২০০৯ সালে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নিয়েছিলেন তখন দেশটির জাতীয় ঋণের পরিমাণ ছিল ১০.৬ ট্রিলিয়ন ডলার। সে সময় ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন- ২০১২ সালের মধ্যে জাতীয় ঋণের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হবে। কিন্তু, ক্ষমতার প্রায় চার বছরে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি।
মার্কিন ট্রেজারি এ ঋণের পরিমাণ প্রকাশ করার মুহূর্তের মধ্যে ওবামার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিট রমনি তা পুঁজি করেছেন এবং ওবামা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সেই বক্তব্য সম্বলিত এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন। এ ভিডিওতেও পরিষ্কার দেখা যায়- ওবামা ২০১২ সালের মধ্যে জাতীয় ঋণের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
জাতীয় ঋণ বেড়ে যাওয়ার ঘটনায় ২০০৮ সালে ওবামা তার প্রথম নির্বাচনী প্রচারণায় উত্তরসূরি জর্জ ডাব্লিউ বুশকে তীব্র সমালোচনা করেছিলেন। সে সময় তিনি ঋণ বেড়ে যাওয়াকে 'দায়িত্বহীনতা' এবং 'দেশপ্রেমহীনতা' বলে আখ্যা দিয়েছিলেন।
এদিকে, নতুন করে জাতীয় ঋণ বেড়ে যাওয়ার খবর শুনে প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার একে 'ওবামার প্রতিশ্রুতি ভঙ্গের আরেকটি উদাহরণ' বলে উল্লেখ করেছেন।
নতুন ঋণের যে পরিমাণ ঘোষণা করা হয়েছে তাতে মার্কিন নাগরিকদের মাথাপিছু ঋণের মাত্রা দাঁড়িয়েছে ৫০ হাজার ডলার।#
(সূত্র : রেডিও তেহরান)